টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারটি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে জ্বালানি তেলের বাজারে অনিয়ম ও সরকারি জমি দখল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে গোবিন্দাসী বাজারের দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে দেখা যায়, তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে তেল সংরক্ষণ করায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল পৃথকভাবে দুটি মামলা দায়ের করে অতিরিক্ত আরও ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
এছাড়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জায়গা দখল ও উপদ্রব সৃষ্টির অভিযোগে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডবিধি অনুযায়ী সরকারি কাজে বাধা প্রদান এবং অবৈধ দখলের দায়ে তাদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
